ভারতকে হারালেও বাফুফেকে গুনতে হচ্ছে জরিমানা
ছবি: সংগৃহীত
গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে হারায় বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি নিয়মরক্ষার হলেও উত্তেজনা ও উন্মাদনার কোনো কমতি ছিল না। ২২ বছর পর ভারতকে হারানোর আনন্দ পেয়েছে বাংলাদেশ।
তবে ম্যাচের জয়ে মেজাজ ফুরিয়ে যায়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধ ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে শুরু হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)কে ১,২৫০ ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা। এ সিদ্ধান্ত ১৭ ডিসেম্বর এএফসির শৃঙ্খলা ও নীতি কমিটি নিয়েছে। একই কারণে ভারতের ফুটবল ফেডারেশনকেও এক হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এর আগে গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুতে দুই মিনিট বিলম্বের জন্য বাফুফেকে দেড় হাজার ডলার জরিমানা করা হয়েছিল।
এএফসির শৃঙ্খলা নীতিমালার ১১.৩ ধারা অনুযায়ী, ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে উভয় ফেডারেশনের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।
আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান
বর্তমানে সিঙ্গাপুর ১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। ৫ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








