News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩২, ১৯ জানুয়ারি ২০২০

ইয়েমেনে অভিযান

সৌদিকে এরশাদের অভিনন্দন

সৌদিকে এরশাদের অভিনন্দন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ইয়েমেনে সৌদি সরকারের অভিযানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “ইয়েমেনে জঙ্গি দমনে সৌদি সরকারের দায়িত্বশীল ভূমিকাকে আমি সর্বান্তকরণে সমর্থন করি। আমি মনে করি, মধ্যপ্রাচ্যের এই শান্তিপূর্ণ দেশে জঙ্গি গোষ্ঠী যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তা দমনের চেষ্টা করা না হলে ওই অঞ্চল আরো অশান্ত হয়ে উঠতো এবং তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তো।”

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে তিনি এ সমর্থন ব্যক্ত করেন।

বিবৃতে এরশাদ বলেন, “এমন পরিস্থিতিতে সৌদি আরবের সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে সমূহ বিপর্যয় থেকে ইয়েমেনকে যেমন রক্ষা করার পদক্ষেপ নিয়েছে- তেমনি মধ্যপ্রাচ্যেও শান্তি বজায় রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পদক্ষেপ গ্রহণের জন্য সৌদি সরকারকে আমি এবং আমার পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।”

এরশাদ বলেন, “সৌদি আরব এর আগেও ইরাকের কুয়েত দখলের পরে দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গোটা বিশ্বে প্রশংসা কুঁড়িয়েছে এবং কুয়েতের সার্বভৌমত্ব রক্ষা করে দিয়েছে। ওই সময় আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সৌদি সরকারকে সহযোগিতার জন্য বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ভ্রাতৃপ্রতীম রাষ্ট্র সৌদি আরবের পাশে দাঁড়িয়েছিলাম।”

তিনি আরো বলেন, “আমি সবসময় মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতীম মুসলিম রাষ্ট্রসমূহে অব্যাহত সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করি। সৌদি আরবও মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তার জন্য গোটা মুসলিম জাহান সৌদি সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞ থাকবে।”

ইয়েমেনের সরকার রক্ষায় জঙ্গি দমনে সৌদি আরবের সামরিক অভিযান সফল হবে বলে আশা প্রকাশ করেন এরশাদ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়