‘কামারুজ্জামানের বিচার নিয়ে জাতিসংঘের প্রশ্ন তোলার সুযোগ নেই’
মাদারীপুর: কামারুজ্জামানের বিচার নিয়ে জাতিসংঘের প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে মাদারীপুর শহরের পুরান বাজার গ্রোইনে নির্মিত পার্কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, “যুদ্ধাপরাধী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির ব্যাপারে মানবধিকার উইংয়ের কমিশনার প্রশ্ন তুলেছেন, বিচার আন্তর্জাতিক মানের হয়নি। আমার কথা হচ্ছে, আমার দেশের বিচার দেশের আইনেই হবে। এ নিয়ে জাতিসংঘের প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।”
তিনি আরো বলেন, “মানবধিকার উইংয়ের একজন কমিশনার প্রশ্ন তুলেছেন বিচার আন্তর্জাতিক মানের হইনি বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। কিন্তু তিনি উল্লেখ করেননি কি অভিযোগ তাদের কাছে রয়েছে। জাতিসংঘের কাছে তবে প্রশ্ন, ১৯৭১ সালে যারা এ দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার তাহলে কীভাবে হবে।”
সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, “২০১২ সালে সড়ক দুর্ঘটনা হয়েছিল ৫ শতাধিক। এ বছর এ সংখ্যা নেমে এসেছে একশ’র নিচে। ফরিদপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাঁক রয়েছে, যার ফলে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে।”
তিনি আরো বলেন, “এ দুর্ঘটনা কমানোর জন্য বাঁকগুলো সোজা করা ও সেখানে ডিভাইডার দেবার জন্য একটি বরাদ্দ পাওয়া গেছে। শীঘ্রই এর কাজ শুরু হবে। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনা কিছুটা হ্রাস পাবে।”
শাজাহান খানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








