বঙ্গবন্ধু কন্যা সবসময়ে দুর্গতদের পাশে থাকেন: নাসিম
সিরাজগঞ্জ: কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কাজীপুর পারুলকান্দি গ্রামে দুর্গত এলাকায় গিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সবসময় দুর্গতদের পাশে থাকবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনকে ব্যর্থ আখ্যায়িত করে তিনি বলেছেন, অনেক মানুষের রক্ত ঝরিয়ে পেট্রল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করে বিএনপি নেত্রী খালেদা জিয়া শূন্য হাতে ঘরে ফিরেছেন।
বৃহষ্পতিবার বিকেলে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজীপুরে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ শেষে সোনামুখি ইউনিয়নের পারুলকান্দি হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি নেত্রী আন্দোলনে সব হারিয়ে এখন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন। এ নির্বাচনে আওয়ামী লীগের অভাবনীয় সাফল্য, শান্তি ও উন্নয়নের মূল্যায়ন করেই নগরবাসীরা ভোট দেবেন। তারা বোমাবাজ, মানুষ হত্যাকারী ও জঙ্গিদের মদদদাতা মহলকে অবশ্যই প্রত্যাখ্যান করে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








