সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পর সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, সমাবেশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি জানান।
ঘটনার সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ককটেল বিস্ফোরণের পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
আরও পড়ুন: খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা-২০২৬ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভায় দলটির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








