আওয়ামী লীগহীন সংসদ নিয়ে রুমিন ফারহানার কড়া মন্তব্য
ছবি: সংগৃহীত
এবারের সংসদে দেশের একটি বড় অংশের অর্থাৎ প্রায় ৩০ শতাংশ মানুষের কোনো প্রতিনিধিত্ব থাকছে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেন।
সংসদে আওয়ামী লীগের অনুপস্থিতিকে তিনি কীভাবে দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক বাস্তবতায় এবার দেশের প্রায় ৩০ শতাংশ মানুষের সরাসরি কোনো প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেশন সংসদে থাকছে না। এই বিশাল জনগোষ্ঠীর কথা বলার মতো কেউ না থাকার বিষয়টি মাথায় রেখেই নতুন সংসদ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে বলে তিনি মনে করেন।
বর্তমান পরিস্থিতির সাথে অতীতের তুলনা করে তিনি বলেন, এর আগে যেমন দেশের একটি বড় দল বিএনপি সংসদে ছিল না, ঠিক তেমনি বর্তমানে আওয়ামী লীগ ও বামপন্থি দলগুলোর কোনো অবস্থান নেই।
আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সময় এখনও হয়নি: মির্জা আব্বাস
এদিন তিনি শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা থেকে বিরত থাকেন।
রুমিন ফারহানা জানান, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এবারের সংসদ একটি ভিন্ন প্রেক্ষাপটে যাত্রা শুরু করছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটিকে তিনি সামগ্রিক জনমতের প্রতিফলনের একটি ঘাটতি হিসেবে চিহ্নিত করেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে রুমিন ফারহানা এবারের সংসদে যোগ দিয়েছেন। সংসদীয় কার্যক্রম ও দেশের পরিবর্তিত রাজনৈতিক কাঠামো নিয়ে তার এই মন্তব্য ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ ও বাম দলগুলোর অনুপস্থিতিতে সংসদ কীভাবে কার্যকর ভূমিকা রাখে, সেটিই এখন দেখার বিষয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








