সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সময় এখনও হয়নি: মির্জা আব্বাস
মির্জা আব্বাস। ফাইল ছবি
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে এখনও সময় হয়নি, সময় আছে বলে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ শেষে সংসদ ভবন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি—তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পেরেছে। আমি তাদের প্রতিনিধি হয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতও শপথ নেবে না এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত। যা হবে, তা সংসদেই হবে।
দুই-তৃতীয়াংশের বেশি আসন পাওয়ার পর জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ কীভাবে কার্যকর করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দায়িত্ব পালন করব।
আরও পড়ুন: শপথ নিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা
এর আগে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








