News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

৩০ আসনে পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় জোট নেতারা

৩০ আসনে পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় জোট নেতারা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তারা।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে ভোট জালিয়াতি, ভোটারদের বাধা দেওয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল।

জুবায়ের আরও অভিযোগ করেন, কিছু আসনে ফল ঘোষণা করতে অস্বাভাবিক বিলম্ব হয়েছে, আবার কিছু আসনে দ্রুত ফল প্রকাশ করা হয়েছে- যা পক্ষপাতদুষ্ট আচরণের আশঙ্কা তৈরি করেছে। যেসব আসনে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়ম হয়েছে, সেসব আসনে পুনঃগণনার আবেদন করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন স্থানে হামলায় আহত ও নিহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ব্রিফিংয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, পাবনা-1 আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলি উল্লাহ নোমান উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, ৩০টি আসনে পুনঃগণনা করলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের অনেকেই বিজয়ী হবেন।

ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে এজেন্টদের নামের গরমিল, এনআইডি নম্বর না থাকা, ওভাররাইটিং, কার্বন কপি, পেন্সিলে লেখা, পোলিং এজেন্টের নাম অনুপস্থিত থাকা এবং ফটোকপির ফলাফল শিট ব্যবহারের মতো অনিয়ম পাওয়া গেছে।

আরও পড়ুন: তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য যেসব আসনে পুনঃগণনার আবেদন করতে যাচ্ছে সেগুলো হলো— ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়