News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রথমবার সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন

প্রথমবার সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন

ফাইল ছবি

প্রতিষ্ঠার পর এই প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক আসনে জয় পেয়েছে দলটি।

নির্বাচনের আগে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটগ্রহণ ও গণভোট আলাদা দিনে আয়োজনের দাবিতে জামায়াতসহ সমমনা দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয় ইসলামী আন্দোলন। পরবর্তীতে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হলেও আসন ভাগাভাগি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে টানাপড়েন তৈরি হয়। শেষ পর্যন্ত জোট ছেড়ে এককভাবে নির্বাচনে অংশ নেয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

দলটি ২৫৮ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে বরগুনা-1 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন প্রার্থী মো. অলি উল্লাহ। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে পরাজিত করেন তিনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট।

ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ১৯৮৭ সালের ১৩ মার্চ ‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’ হিসেবে দলটির যাত্রা শুরু। পরে পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে এটি পৃথক রাজনৈতিক দলে রূপ নেয়। ১৯৯১ সাল থেকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে সক্রিয় হয়ে ২০০৮ সালে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ নামে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। সেই থেকে দলটির প্রতীক ‘হাতপাখা’।

এদিকে বরিশাল-৫ ও ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তবে দুই আসনেই তিনি পরাজিত হন। বরিশাল-৫ আসনে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট, আর ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

বরিশাল-৬ আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি, তার প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৫৩৩। মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।

আরও পড়ুন: বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন আসছেন তারেক রহমান

সব মিলিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে এক আসনে জয় এনে প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়