দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি
বিএনপিকে বিজয়ী হিসেবে মেনে নিয়ে নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একইসঙ্গে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার অঙ্গীকারও করেছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, শুরু থেকেই তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং সেই অবস্থান থেকে সরে যাননি। সামগ্রিক নির্বাচনী ফলাফলকে স্বীকৃতি দিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
নির্বাচনী প্রচারণায় যুক্ত স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শফিকুর রহমান বলেন, বিগত কয়েক মাসে অসংখ্য কর্মী-সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকে সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন; কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে অনেকে ব্যথিত ও হতাশ যা স্বাভাবিক। তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে দলটি সংসদে নিজেদের উপস্থিতি প্রায় চারগুণ বাড়িয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসে রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল। ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাত্র ৩০টি আসনে সীমাবদ্ধ থাকলেও দীর্ঘ ১৮ বছরের পথ পাড়ি দিয়ে ২০২৬ সালে সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ প্রক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, নেতৃত্বের প্রকৃত পরীক্ষা কেবল নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায় গ্রহণের মধ্যেও নিহিত। তাদের আন্দোলন কেবল একটি নির্বাচনের জন্য ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য।
আরও পড়ুন: প্রত্যাশা ও প্রাপ্তির নতুন অধ্যায়ে গণতন্ত্রের জয় দেখছে বিএনপি
তিনি জানান, দলটি নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবে। একইসঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








