News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রত্যাশা ও প্রাপ্তির নতুন অধ্যায়ে গণতন্ত্রের জয় দেখছে বিএনপি

প্রত্যাশা ও প্রাপ্তির নতুন অধ্যায়ে গণতন্ত্রের জয় দেখছে বিএনপি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের এই বিপুল বিজয়কে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছে দলটি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহদী আমীন এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নির্বাচনী ফলাফলকে জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ উল্লেখ করে মাহদী আমীন বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল, যার সঙ্গে আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি জড়িয়ে রয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক শক্তির প্রতি জনগণের অসাধারণ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে নির্বাচনের ফলাফলে। তিনি দাবি করেন, এবারের ফলাফলে অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয় প্রতিফলিত হয়েছে এবং এই জয় শুধু বিএনপির নয়—এটি গণতন্ত্র ও বাংলাদেশের বিজয়।

তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন বলে দল বিশ্বাস করে। রাষ্ট্রীয় মালিকানা সুসংহত করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে একটি দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: তারেক রহমান ও বিএনপিকে যুক্তরাজ্যের অভিনন্দন

দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পথপরিক্রমায় নেতাকর্মীদের গুম, খুন, হামলা-মামলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়ার প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, বহু শহীদের আত্মত্যাগ ও আহত যোদ্ধাদের সংগ্রামের ওপর দাঁড়িয়ে এই বিজয় অর্জিত হয়েছে। শহীদ পরিবারের প্রত্যাশা পূরণে দল কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, বিদ্যমান সমস্যার সমাধান হবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অটুট রাখা হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনী জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ৭টি আসনে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়