News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঐতিহাসিক জয় শেষে তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা

ঐতিহাসিক জয় শেষে তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে ঘোষিত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি ও তার মিত্ররা মোট ২১২টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে বিএনপি একক দল হিসেবে ২০৯টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটগতভাবে ৭৭টি আসনে জয় পেয়েছে, যার মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।

আরও পড়ুন: ‘আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা, দুর্নীতি ও অর্থনীতি’

নির্বাচন কমিশন জানিয়েছে, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হলেও আইনি জটিলতা ও আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়া একজন প্রার্থীর আকস্মিক মৃত্যুজনিত কারণে একটি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ জানান, স্থগিত আসনগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বিএনপি। বিশেষ করে আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে জয়ের মাধ্যমে দেশের রাজনৈতিক পটপরিবর্তনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ফলাফল ঘোষণার পর গুলশান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মহাসচিবের শুভেচ্ছার জবাবে তারেক রহমান দেশবাসীকে ধন্যবাদ জানান এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

বিপুল এই বিজয়ের মাধ্যমে বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রস্তুতি গ্রহণ করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়