‘প্রয়োজনে ঐকমত্যের সরকার গঠন করতে পারে বিএনপি’
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনে ‘ঐকমত্যের সরকার’ গঠনের পরিকল্পনা করছে বিএনপি।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নির্বাচনী পরিবেশ ও দলীয় ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ৪২টি দলের সমন্বয়ে ঘোষিত ‘৩১ দফা’ রাষ্ট্র সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ। এই লক্ষ্য অর্জনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে যারা সংহতি প্রকাশ করবে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার গঠনের বিষয়ে ভাবা হতে পারে।
তবে তিনি স্পষ্ট করেন যে, এ বিষয়ে যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে গ্রহণ করা হবে। তিনি আরও যোগ করেন, সরকার গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে আদর্শিক মিল এবং ভবিষ্যৎ কর্মসূচির বিষয়ে ঐকমত্য থাকা আবশ্যক।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ধর্মের নামে বিভ্রান্তি না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
চট্টগ্রাম-১১ আসনের এই প্রার্থী নিজের নির্বাচনী এলাকার জন্য ১১টি বিশেষ অঙ্গীকার ঘোষণা করেন। বন্দর নগরীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বন্দরের ভূমিকা অপরিসীম। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বন্দরের পণ্য খালাসের সময় কমানো এবং পরিচালনা দক্ষতা বাড়ানো জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি পুরো শহরকে একটি শক্তিশালী ‘লজিস্টিক্যাল হাব’ হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন পর দেশে একটি ভোট উৎসবের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, দেশের তরুণ প্রজন্ম অনেক বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। সাধারণ মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। এ সময় তিনি নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেছে, জনগণ তাদের ছুড়ে ফেলেছে। এবারও ব্যালটের মাধ্যমেই জনগণ সব ষড়যন্ত্রের যোগ্য জবাব দেবে।
নির্বাচনী মাঠে কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সামাজিক মাধ্যম ও সংবাদপত্রের খবরে নানা অনিয়মের তথ্য উঠে আসছে। এনআইডি কার্ড সংগ্রহ বা বিকাশে টাকা লেনদেনের মতো বিষয়গুলো নিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে বর্তমান সচেতন ভোটাররা কোনো প্রলোভন বা গুজবে পা দেবে না বলে তিনি বিশ্বাস করেন। নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, নির্বাচন মূলত ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের একটি মাধ্যম। বিএনপি নেতিবাচক রাজনীতি নয়, বরং আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে চায়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজবাংলাদেশ.কম/পলি








