তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত
ছবি: সংগৃহীত
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আসায় আপাতত এই গুরুত্বপূর্ণ সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দল।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র জানায়, ঐতিহাসিক মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন এবং গণআন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত উপলক্ষে উত্তরবঙ্গ সফরের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। তবে নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বিএনপি এই কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেয়।
এর আগে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলায় তারেক রহমানের ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি পালনের কথা ছিল।
বিশেষ করে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমেই এই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় খুব শিগগিরই সফরের নতুন সময়সূচি ঘোষণা করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








