নির্বাচন প্রস্তুতিতে তারেক রহমানের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করতে দিনভর ব্যাপক তৎপরতা চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দিনভর দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার সাংবাদিকদের জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধারাবাহিক এসব সভায় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত গ্রহণ করছেন। বিশেষ করে ঢাকা-১৭ আসনের বর্তমান সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের জরুরি দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
এদিকে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, দলীয় প্রধানের প্রধান লক্ষ্য যুবসমাজকে সম্পৃক্ত করা।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের বৈঠক
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে যুব উন্নয়নের যে ধারা শুরু করেছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাংগঠনিক তৎপরতাকে দলের জন্য বড় শক্তি হিসেবে দেখছেন জ্যেষ্ঠ নেতারা। বৈঠক শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, তারেক রহমানের এই ধারাবাহিক মনিটরিং ও দিকনির্দেশনা আসন্ন ত্রয়োদশ নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দলীয় সূত্র জানায়, নির্বাচনের আগে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








