News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৪, ৬ জানুয়ারি ২০২৬

ঢাকা-১৭ আসনের নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ঢাকা-১৭ আসনের নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা-১৭ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে ওই আসনের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে নির্বাচনী এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন: শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তারেক রহমান। এ সময় তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানো এবং নির্বাচনকালীন মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তৃণমূল পর্যায়ে দলের সংহতি বজায় রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

দলীয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশনাসমূহ গুরুত্বের সঙ্গে শোনেন এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর মধ্য দিয়ে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়