এনসিপিতে যোগ দিচ্ছেন না মাহফুজ আলম
মাহফুজ আলম। ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ না হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা মাহফুজ আলম।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
‘আমার রাজনৈতিক অবস্থান’ শীর্ষক ওই পোস্টে মাহফুজ আলম বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এসব সংগঠনে তার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর ধরে তিনি পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহায়তা দিয়ে এসেছেন।
তিনি লেখেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন এবং দায়-দরদের সমাজ গঠনের মতো বিষয়গুলো তিনি বারবার তুলে ধরেছেন। এসব অবস্থান তার সহযোদ্ধারাও বিভিন্ন সময়ে এনসিপি ও নাগরিক কমিটি থেকে বলেছেন। তবে বাস্তবে এসব ধারণ করা হয়নি বলেই তিনি মনে করেন।
মাহফুজ আলম বলেন, এনসিপিকে ‘বিগ জুলাই আম্ব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিদ্যমান বাস্তবতায় জুলাই সহযোদ্ধাদের প্রতি তার সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে। তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না। জামায়াত-এনসিপি জোটের পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়নি—এমনটি সত্য নয় বলেও স্পষ্ট করেন তিনি। তবে ঢাকার কোনো আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
মাহফুজ আলম বলেন, ইতিহাসের বর্তমান পর্বে বাংলাদেশ একটি ‘শীতল যুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প, মধ্যপন্থী ও তরুণ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান
পরিশেষে তিনি বলেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব, এবং বিকল্প তরুণ ও জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির তিন নেতার মধ্যে মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একজন ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








