ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তারেক রহমানের নাম ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে তারেক রহমানের আবেদন অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
গত ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে তিনি ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন।
এর আগেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হচ্ছেন। এ কারণে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে রাখে।
আরও পড়ুন: দেশকে অস্থির করতে পেছনে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
এদিকে বিএনপি মিডিয়া সেল শনিবার দুপুরে দেওয়া এক পোস্টে জানায়, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








