News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫

দেশকে অস্থির করতে পেছনে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

দেশকে অস্থির করতে পেছনে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নানা ধরনের কথাবার্তা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আন্দোলন হচ্ছে- কেন জানি মনে হচ্ছে দেশকে অস্থির করে তুলতে পেছন থেকে একটি মহল ষড়যন্ত্র করছে। এ সময় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন দেশ আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। কেউ যেন এই নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সম্পর্কে অনেকেই নানা কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই—এই দেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। আমাদের ধর্মবোধ ও সংস্কৃতি রক্ষায় আমরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমরা অঙ্গীকারবদ্ধ, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।

আরও পড়ুন: দেশে ফেরার পর প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান

এটি তাঁর শেষ নির্বাচন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “আমাকে আপনারা সহযোগিতা করবেন।” একই সঙ্গে তিনি বলেন, ছয় বছর কারাভোগের পর বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলেম-ওলামাদের কাছে ভোট চান এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়