সন্ত্রাসীদের আন্দোলনে জেতার ইতিহাস নেই: নৌ-মন্ত্রী
মাদারীপুর: বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাসভবনে ফিরে যাওয়া নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দুনিয়ায় এমন কোনো ইতিহাস নেই, যেখানে কোনো সন্ত্রাসী আন্দোলন করে বিজয় অর্জন করেছে। খালেদাও পারেননি।
শনিবার দুপুরে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে ‘শিশুর প্রতি সহিংসতা নিরসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-মন্ত্রী এসব কথা বলেন।
নৌ-মন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া বলেছিলেন, আন্দোলনে বিজয় অর্জন ও শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবেন না। এই আপসহীন নেত্রী তার আপসহীনতার প্রমাণ করতে গিয়ে এখন পাপোশ হয়ে গেছেন।”
নৌ-মন্ত্রী আরও বলেন, “এ দেশকে যারা ধ্বংস করতে চায়, সেই বিএনপি ও জামায়াতকে মানুষ চিহ্নিত করেছে। তাই এ দেশের মানুষ তাদের বিজয় অর্জনের কোনো সুযোগ দেয়নি এবং দেবেও না।”
মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, যুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








