News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ষড়যন্ত্র রুখতে ভোটকেন্দ্রে আসার ডাক তারেক রহমানের

ষড়যন্ত্র রুখতে ভোটকেন্দ্রে আসার ডাক তারেক রহমানের

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সাথে নিয়ে তিনি কেন্দ্রে উপস্থিত হন। সকাল ৯টা ৩৬ মিনিটে কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট প্রদান করেন। 

উল্লেখযোগ্য যে, ২০০১ সালে ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার থাকলেও গুলশানের এই কেন্দ্রে এটিই তার প্রথম ভোট। এছাড়া তার কন্যা জাইমা রহমান এবারই প্রথম ভোটার হিসেবে নিজের অধিকার প্রয়োগ করেছেন।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান দীর্ঘ সময় পর ভোটাধিকার ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিল। আজ মানুষ তাদের অধিকার ফেরত পেয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন যে, দেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের রায় প্রদান করেন, তবে যেকোনো ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

নির্বাচনী পরিবেশ ও গত রাতের পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, বুধবার রাতে দেশের কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে যা কোনোভাবেই কাম্য নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করেছে, তাকে তিনি আশাব্যঞ্জক বলে অভিহিত করেন। ভোটের সার্বিক সুষ্ঠুতা নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য না করে আরও কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণের অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। তবে ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে জনরায় রক্ষা করার আহ্বান জানান তারেক রহমান।

জয়ের ব্যাপারে নিজের শতভাগ আত্মবিশ্বাসের কথা জানিয়ে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের এই প্রার্থী বলেন, আমি ইনশাআল্লাহ বিজয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী। যদি দেশের মানুষ আমাদের নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমাদের প্রধান অগ্রাধিকার হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। সাধারণ মানুষ যেন রাষ্ট্রে নিরাপদ বোধ করেন, সেটিই হবে আমাদের মূল লক্ষ্য।

পাশাপাশি দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে গুরুত্ব দিয়ে তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর ক্ষমতায়ন ও যথাযথ মূল্যায়নের কাজ সরকার গঠনের প্রথম দিন থেকেই শুরু করা হবে।

ভোটকেন্দ্রে তারেক রহমানকে স্বাগত জানান তার প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালাম এবং অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। একই কেন্দ্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের ভোট দেওয়ার কথা থাকায় এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ প্রক্রিয়া বিরতিহীনভাবে চলবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়