News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। 

এ সময় তার সঙ্গে স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ১৭ বছর পর এমন একটি নির্বাচনের পরিবেশ ফিরে আসায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানে সবাই নিজের ভোটাধিকার নিয়ে সচেতন এবং উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। দীর্ঘ ১৭ বছর পর এমন পরিবেশে ভোট হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক। আমাদের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক চর্চা অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ নিশ্চিত করতে হবে। সমৃদ্ধি, অগ্রগতি ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। ভোটের মাধ্যমে বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধ উদ্যোগই দেশের ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারে।

আরও পড়ুন: নিরপেক্ষ হলে ফলাফল মেনে নেব: ডা. শফিকুর রহমান

সালাহউদ্দিন আহমদ জানান, তার ৩৫ বছর বয়সী ছেলে প্রথমবার ভোট দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে প্রবাসীরাও ভোট দিতে এসেছেন। তিনি ভোটকেন্দ্রগুলোর উৎসবমুখর পরিবেশের প্রশংসা করেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন।

একই সঙ্গে তিনি নির্বাচনী অনিয়ম ও অন্য দলের ছদ্মবেশী কার্যক্রম নিয়ে সতর্কবার্তাও দেন। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতার জন্য অত্যন্ত উচ্চাভিলাষী হয়ে ওঠেছে এবং তারা অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে। 

তিনিবলেন, ব্যালট পেপার ছাপানোসহ বিভিন্ন নির্বাচনি কারচুপি চেষ্টা চালানো হয়েছে, যার মধ্যে বেশ কিছু ঘটনা হাতেনাতে ধরা পড়েছে এবং সংশ্লিষ্টদের শাস্তিও দেওয়া হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন অপসংস্কৃতি কোনোভাবেই কাম্য নয়।

ভোটের পরিবেশের বিষয়ে তিনি বলেন, অধিকাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির পক্ষ থেকে ভোটে টাকা বিতরণের কোনো ঘটনা ঘটেনি; যে ঘটনা ঘটেছে তা জামায়াতে ইসলামের নেতাকর্মীর উদ্যোগে।

সালাহউদ্দিন আহমদ জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমার ওপর আস্থা রাখে। আমাদের এলাকার মানুষ উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে। 

তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে তিনি কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রী এই আসনে নির্বাচন করে তার চেয়েও বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

পেকুয়া উপজেলায় মোট ৪৭টি ভোট কেন্দ্র রয়েছে। পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৯০০। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ইতিমধ্যেই ৩৪৭ জন ভোট দিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ তিনবার কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোট প্রদান শেষে তিনি সকল রাজনৈতিক দলকে সহনশীলতা ও গণতান্ত্রিক নিয়ম মেনে চলার আহ্বান জানান এবং নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়