রাষ্ট্র সংস্কারে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান ফখরুলের
ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের লক্ষ্যে আসন্ন গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’ সূচক ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দল মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারকে অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই- কে সংস্কার চায় আর কে চায় না। যারা দেশের সুন্দর পরিবর্তন চান, তাদের সম্মিলিতভাবে ‘হ্যাঁ’ চিহ্নে সিল মেরে রায় দেওয়ার অনুরোধ জানান তিনি।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট প্রাঙ্গণে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছে, যারা তা পরিচালনা করেছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। আর মাত্র তিন দিনের মধ্যে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী এবং আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির পরিবর্তে নতুন নেতৃত্বকেই সমর্থন করা হবে।
আরও পড়ুন: ঢাকা উত্তরে তারেক রহমানের ৬ জনসভা
তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি বিশেষ বার্তায় বলেন, আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না। সভায় উপস্থিত সাধারণ মানুষকে তিনি আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তরুণ ও নতুন চিন্তাধারার ব্যক্তিকে সমর্থনের আহ্বান জানান।
তিনি প্রতিশ্রুতি দেন, নতুন নেতৃত্ব দেশের উন্নয়ন ও সংস্কারের জন্য নিবেদিতভাবে কাজ করবে।
ঠাকুরগাঁওয়ের বাস্তবতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই জেলায় বড় কোনো কলকারখানা নেই, বড় ব্যবসা-বাণিজ্য নেই। পুরো অঞ্চলটাই কৃষিনির্ভর। এখানকার মানুষের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ কৃষির ওপর নির্ভরশীল। আপনারা যদি ভোটে আমাকে নির্বাচিত করেন, তবে প্রথমেই কৃষির উন্নয়নে কাজ করা হবে। এই এলাকা কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তরিত করা হবে।
তিনি দেশের সম্প্রীতির বার্তাও জানান, এই দেশে মুসলিম ও হিন্দু সবাই একসঙ্গে বসবাস করে। প্রত্যেকে নিজের অধিকার নিয়ে নিজের পায়ে দাঁড়াবে। কোনো খারাপ লোক যেন আর কখনো আপনাদের ওপর অত্যাচার করার সাহস না পায়। আমরা বিএনপি, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








