News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা উত্তরে তারেক রহমানের ৬ জনসভা

ঢাকা উত্তরে তারেক রহমানের ৬ জনসভা

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানী ঢাকায় বিশাল কর্মসূচি শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মোট ১৪টি জনসভায় অংশ নেবেন তিনি। 

এই কর্মসূচির প্রথম পর্যায়ে রবিবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তরের ছয়টি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে পৃথক জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন দলটির শীর্ষ এই নেতা।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির দেওয়া সূচি অনুযায়ী, তারেক রহমান প্রথম জনসভায় অংশ নেবেন ঢাকা-১৭ আসনের নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায়। এরপর তিনি ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য দেবেন।

আরও পড়ুন: ‘সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না’

দলীয় সূত্র জানায়, ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। রবিবার ঢাকা উত্তরের ছয়টি আসনে জনসভা অনুষ্ঠিত হবে, আর সোমবার (০৯ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকা ও দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় তিনি বক্তব্য দেবেন।

সোমবারের সূচি অনুযায়ী, ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে বেলা ১১টায়, ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। 

তিনি জানান, চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব জনসভা অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়