জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘হারাম’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তার পাশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরকে বসে থাকতে দেখা যায়। পরে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, “সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।”
বক্তব্যের এক পর্যায়ে বিএনপি নেতা সারোয়ার আলমগীরকে ইঙ্গিত করে হেফাজত আমির বলেন, “আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ।”
আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন ইতিহাস বিকৃত করছে’
জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ আখ্যা দিয়ে বাবুনগরী আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে। ইমানের গোড়া কেটে যাবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








