News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন ইতিহাস বিকৃত করছে’

‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন ইতিহাস বিকৃত করছে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড ও আদর্শের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন, দলটি কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? 

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা সস্তা দামে জান্নাত বিক্রির রাজনীতি করে, যারা মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা কখনোই এ দেশের মানুষের আস্থা অর্জন করতে পারবে না। 

তিনি আরও বলেন, আমরা কারা- জনগণ তা ভালো করেই জানে। আমরা সেই দল, যারা সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। আমরা সেই আদর্শের দল।

তিনি শহীদ জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, শহীদ জিয়াউর রহমান এই দেশকে ধর্ম, বর্ণ, জাতি ও সংস্কৃতির ঊর্ধ্বে তুলে ‘বাংলাদেশি’ পরিচয় দিয়েছিলেন। সমতল-পাহাড়, সকল জনগোষ্ঠীকে নিয়ে তিনি গড়ে তুলেছিলেন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা ধর্মভিত্তিক কোনো বিভাজন চাই না।

বিএনপি নেতা অভিযোগ করেন, জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করে নতুন করে স্বাধীনতার ইতিহাস রচনা করার চেষ্টা করছে। 

আরও পড়ুন: রাষ্ট্র পরিচালনায় জনকল্যাণমুখী অঙ্গীকার পেশ করেছে বিএনপি

তিনি বলেন, যারা একদিন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা–বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং সংখ্যালঘুদের নির্যাতন করেছে তারা কীভাবে আজ স্বাধীনতার ইতিহাসের কথা বলে? নাউজুবিল্লাহ। 

সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, ইতিহাস পরিষ্কার ২৫ মার্চ রাত ও ২৬ মার্চের প্রথম প্রহরে তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এ কারণেই ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।

জনসভায় তিনি কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজলকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, জামায়াত কোনো ইসলামী দল নয়; ইসলামের লেবাস নিয়ে একটি দল ক্ষমতার স্বপ্নে বিভোর। দলটি এখন দেশকে ওয়াশিংটনের হাতে তুলে দিতে চায়। বাংলাদেশকে আমরা দিল্লী বা ওয়াশিংটন, কোন শক্তির তালুকবন্দি হতে দেবো না।

প্রার্থী লুৎফর রহমান কাজল সভার প্রধান অতিথির কাছে কিছু দাবি উত্থাপন করে বলেন, সরকার যদি উন্নয়নের জন্য মানুষের জমি নেয়, তবে মানুষের সম্মতি ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। খাস জমি, পিএফ জমি বা সরকারি জমিতে বসবাসকারীদের সর্বদা উচ্ছেদের আতঙ্কে থাকতে হবে না। উন্নয়নের নামে সাধারণ মানুষের ভয় দেখিয়ে নয়, তাদের জন্য আইন প্রণয়ন করতে হবে। খাস জমি ও পিএফ জমিতে বসবাসকারীদের যেন আইনগত বৈধতা দেওয়া হয়। যদি কখনো উচ্ছেদ করতে হয়, অবশ্যই পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

সমাবেশে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়