বরিশালে জনসভার মঞ্চে তারেক রহমান
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশব্যাপী সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে তার নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মী ও সমর্থকরা তাকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান। নেতাদের কণ্ঠে শোনা যায়, “তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে।” হাত নেড়ে এই উচ্ছ্বসিত অভ্যর্থনার জবাব দেন বিএনপির চেয়ারম্যান।
এ জনসভা উপলক্ষে দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান। সমাবেশে তিনি বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করাবেন এবং নির্বাচনি বার্তা দিচ্ছেন।
দলীয় চেয়ারম্যানের সফর উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার ৬ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতারা আগেই বরিশালে এসে সমাবেশের প্রস্তুতি নিয়েছেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানান, শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ জনগণও সমাবেশে উপস্থিত আছেন। নগরীর গুরুত্বপূর্ণ অংশে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
আরও পড়ুন: ২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান
বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার সুশান্ত সরকার বলেন, সমাবেশের পাশাপাশি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








