News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

দলীয় সূত্র জানায়, এদিন বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১২টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছাবেন। জনসভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন বলে আশা করছেন নেতা-কর্মীরা।

তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

আর ক’দিন পরই জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—সবখানেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান। জেলায় জেলায় জনসভা ও পথসভায় ৩১ দফা কর্মসূচির আলোকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাশাপাশি নারী ও তরুণদের অগ্রাধিকার দেওয়ার কথা বারবার তুলে ধরছেন তারেক রহমান।

বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন। রাজধানী ঢাকায় বস্তিবাসীদের আবাসন সমস্যার সমাধানে সরকারে গেলে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনার কথাও জানান বিএনপির চেয়ারম্যান।

এছাড়া কৃষক কার্ড চালু করা এবং অঞ্চলভিত্তিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে সাধারণ মানুষের প্রত্যাশা—নির্বাচিত হলে এসব আশ্বাস যেন বাস্তবায়িত হয়।

আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু

দলীয় সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে, এতে নারী ও তরুণদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যুব কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও বাক্‌স্বাধীনতা ইশতেহারের মূল অগ্রাধিকার হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়