একাত্তর আমাদের অস্তিত্ব, একে পেছনে ফেললে অস্তিত্ব হারাব: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
একাত্তরের মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্ব, একে পেছনে ফেলতে চাইলে নিজের অস্তিত্ব হারাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের শিকড়টা জানা জরুরি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। এই যুদ্ধ আমাদের একটি স্বাধীন দেশ ও ভূখণ্ড দিয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। কিন্তু একাত্তরকে বাদ দিলে আমাদের অস্তিত্বই থাকবে না। একাত্তরই আমাদের মূল পরিচয়এটাকে নিয়েই আমাদের এগোতে হবে।
মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। আজ ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
ভোটের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ বছর পরপর নির্বাচন আসে। ভোট হলো পবিত্র আমানত এটা খেয়ানত করা যাবে না। যিনি ভোটের মর্যাদা রক্ষা করবেন, তাকেই ভোট দিতে হবে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজেদের বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নিন। ভোটের সময় মানুষ নানা কৌশলে বিভ্রান্ত করে। দুর্ভাগ্যজনকভাবে ঠাকুরগাঁওয়েও এমন চেষ্টা চলছে।
আরও পড়ন: মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি কামনা তারেক রহমানের
সভায় উপস্থিত ভোটার ও সমর্থকদের আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








