News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০১, ২ ফেব্রুয়ারি ২০২৬

ভোটার স্থানান্তর নিয়ে অভিযোগ বিএনপির, তদন্তে ইসি

ভোটার স্থানান্তর নিয়ে অভিযোগ বিএনপির, তদন্তে ইসি

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর ২০টি আসনে প্রায় অর্ধ লাখ ভোটার স্থানান্তর নিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। বিএনপি এই স্থানান্তরকে ‘অস্বাভাবিক’ ও ‘অনৈতিক কূটকৌশল’ হিসেবে বর্ণনা করলেও নির্বাচন কমিশন (ইসি) একে একটি নিয়মিত প্রক্রিয়া বলে দাবি করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের জেতানোর জন্য রাজধানীর বাইরে থেকে ভোটার স্থানান্তরের উদ্যোগ নিয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসির সঙ্গে বৈঠক শেষে বলেন, কিছু বিশেষ এলাকায় অস্বাভাবিকভাবে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। আমরা ইসির প্রদত্ত তথ্য দিয়ে সন্তুষ্ট নই।

অন্যদিকে, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, জনগণের বিপুল সমর্থনে ভীত হয়ে অন্য দলগুলো এমন অভিযোগ করছে। বিশেষ করে ঢাকা-১৫ আসনে ভোটার স্থানান্তর ও এনআইডি সংগ্রহ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, ভোটার স্থানান্তর একটি নিয়মিত প্রক্রিয়া। এবার অস্বাভাবিক হারে স্থানান্তরের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে বিএনপির অভিযোগ অনুসারে বিষয়টি আমরা তদন্ত করে দেখব।

আরও পড়ুন: দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল

ইসির তথ্যমতে, ঢাকা জেলার মধ্যে ভোটার স্থানান্তরের শীর্ষে রয়েছে ঢাকা-১ আসন (৪,৭৩২ জন), এরপর ঢাকা-১৮ (৪,০৭০ জন) এবং ঢাকা-২ (৩,৯৭৮ জন)। ভোটার সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় আসন হলো ঢাকা-১৯, যেখানে মোট ভোটার রয়েছে ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের বছরগুলোতে তুলনামূলকভাবে বেশি স্থানান্তর হয়। উদাহরণস্বরূপ, ২০২৪ সালে সারাদেশে ৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন, ২০২৩ সালে ৪ লাখ ৬১ হাজার ৫৫৯ জন, ২০২২ সালে ৭ লাখ ১৭ হাজার ২০৮ জন এবং ২০২১ সালে ৫ লাখ ৬৫ হাজার ৭৭৪ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ভোটার স্থানান্তরের আবেদন অনুমোদিত হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৫৬৫ জনের।

ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে ভোটার স্থানান্তরের পরিসংখ্যান অনুযায়ী ঢাকা অঞ্চলে ৮৬,৮২৫ জন, ফরিদপুরে ৩৯,০৯৫ জন, খুলনায় ৮১,৭২৫ জন, ময়মনসিংহে ৭৮,৮০৫ জন, রংপুরে ৬৩,৮৯৭ জন, সিলেটে ২৭,৫৭৬ জন (সবচেয়ে কম), রাজশাহীতে ৭২,৮১৫ জন, বরিশালে ৮৫,৭২০ জন, চট্টগ্রামে ৩০,০৮৫ জন, কুমিল্লায় ১,০৫,৫৪৩ জন (সবচেয়ে বেশি), ঢাকার ২০ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৪৯,৯৯২ জন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭, জামায়াত আমির শফিকুর রহমান ঢাকা-১৫, এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়