News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ১৯ ডিসেম্বর ২০২৫

সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে: ফখরুল

সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পোস্টে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেছেন, সরকারকে এই ঘটনার পুরো দায় নিতে হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ফেসবুকে ভেরিফায়েড পেজে পোস্টটি শেয়ার করেন তিনি। 

পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তার আত্মার মাগফিরাত কামনা করছে, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ অনেকের ওপর হীন হামলা সংঘটিত হয়েছে।

ফখরুল লিখেছেন, “দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করেছে। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রায় এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের দরজায় গিয়েছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং হাদির আততায়ীর বিচারসহ প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে।

ফখরুল আশা প্রকাশ করেন, স্বৈরাচারী সরকারের পতনের পর সরকারের প্রথম দায়িত্ব হবে জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। তিনি সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানাচ্ছেন এবং অনতিবিলম্বে সরকারের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: প্রথম আলোর কার্যালয়ে হামলা-ভাঙচুর, ডেইলি স্টারে অগ্নিসংযোগ

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগ চলাকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তাকে প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উত্তাল ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়