ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের সূচনায় ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে তিনি রওনা হন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং নিশ্চিত করেছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে এবার জাতীয় পর্যায়ে উদ্যাপিত হচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে ত্রিশালের নজরুল মঞ্চ। জন্মজয়ন্তী উপলক্ষে নান্দনিক সাজসজ্জা ও আলোকসজ্জায় সজ্জিত হয়েছে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে নজরদারি বাড়িয়েছে। কবির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ত্রিশালে নজরুলজয়ন্তী উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৯৭৯ সালে এই খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।
আরও পড়ুন: ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ তুলনামূলক কম
সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








