ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ তুলনামূলক কম
ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে আজ (শনিবার)। ঈদ সামনে রেখে ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেলযাত্রার সূচনা হয়। এরপর একে একে আরও কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায়।
শনিবার (২৩ মে) সকাল ১০টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ৬টি ট্রেন ছেড়ে গেছে। তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ৩০ মিনিট বা তারও বেশি দেরিতে ছেড়ে যাচ্ছে।
সর্বশেষ রংপুরের উদ্দেশ্যে কমলাপুর থেকে ‘রংপুর এক্সপ্রেস’ ছেড়ে গেছে। ট্রেনটি ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও প্রায় সাড়ে ৯টায় স্টেশন ছাড়ে। অন্যদিকে জামালপুরের উদ্দেশ্যে ‘জামালপুর এক্সপ্রেস’ সকাল ১০টায় ছাড়ার কথা থাকলেও ১০টা ১০ মিনিট পর্যন্ত সেটি স্টেশন ত্যাগ করেনি।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। তিনি যাত্রীদের কাছ থেকে অনলাইনে টিকিট কাটা, আসন প্রাপ্তি এবং যাত্রীসেবার মান নিয়ে খোঁজ নেন।
যাত্রীরা জানান, তুলনামূলক চাপ কম থাকায় নির্ধারিত আসন পেতে সমস্যা হচ্ছে না। তবে কিছু যাত্রী ট্রেনের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কোথাও কোথাও ফ্যান নষ্ট, সিট ভাঙা এবং টয়লেট নোংরা অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
এ বিষয়ে রেলওয়ের ডিজি যাত্রীদের সমস্যার কথা শুনে ধীরে ধীরে তা সমাধানের আশ্বাস দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








