২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ফাইল ছবি
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে তৃতীয় দিনের মতো আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (২৩ মে) বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের ফিরতি যাত্রার টিকিট। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, টিকিট বিক্রির প্রক্রিয়াকে সহজ করতে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেনের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি।
যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৩১ মে’র ফিরতি টিকিট ২১ মে এবং ১ জুনের টিকিট ২২ মে বিক্রি করা হয়েছে। এছাড়া ২৪ মে বিক্রি করা হবে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম ফিরতি টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। টিকিট কালোবাজারি ঠেকাতে একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে পরিবারের অন্য সদস্যদের জন্য টিকিট কিনলে তাদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে।
আরও পড়ুন: আকস্মিক পরিদর্শনে অনিয়ম, ১৬ কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ড রিলিজ
ঈদ শেষে কর্মমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিনা টিকিটের যাত্রীদের প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথাও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








