ঈদে আসছে শুভ-মিমের ‘মালিক’, প্রকাশ্যে ফার্স্ট লুক
ছবি: সংগৃহীত
ঈদুল আজহার সিনেমার তালিকায় নতুন চমক হিসেবে যুক্ত হলো মালিক। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এ সিনেমার দুটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
প্রকাশিত পোস্টার দুটিতে ভিন্ন দুটি আবহ তুলে ধরা হয়েছে। প্রথম পোস্টারে আরিফিন শুভকে দেখা গেছে মারকুটে ও বিধ্বংসী অ্যাকশন লুকে। তার চোখেমুখে প্রতিশোধের আগুন ফুটে উঠেছে স্পষ্টভাবে। অন্যদিকে দ্বিতীয় পোস্টারে রোম্যান্টিক আবহে শুভর সঙ্গে জুটি বেঁধে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বড় করে লেখা রয়েছে- ‘রিভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’।
সিনেমাটির পরিচালক সাইফ চন্দন জানান, বড় পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করা হয়েছে। শনিবার সেন্সর কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সিনেমাটির গান ও অ্যাকশনধর্মী ট্রেলার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
বর্তমানে ভারতের কলকাতায় সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ের কাজ চলছে। নির্মাতার আশা, সিনেমাটি দর্শকদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।
আরও পড়ুন: শুটিংয়ের পথে প্রাণনাশ ও ধর্ষণের শঙ্কায় মুখ খুললেন ফারিন
জানা গেছে, ‘মালিক’ একটি অ্যাকশনধর্মী সিনেমা। গল্পে উঠে এসেছে এক জেদি ও একরোখা মানুষের সংগ্রামের কাহিনি। মায়ের সম্মান ও হারিয়ে যাওয়া অধিকার ফিরে পেতে লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের সঙ্গে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, সেটিই সিনেমার মূল গল্প। নাম ভূমিকায় অর্থাৎ ‘মালিক’ চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে এক নতুন ও চমকপ্রদ চরিত্রে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








