বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন চার পরিচালক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে ইতোমধ্যে চারজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ না পড়লে তারা আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে নির্বাচিত হবেন।
শুক্রবার (২২ মে) মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনটি ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত ছয়টি জমা পড়েনি।
ক্যাটাগরি-১, অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ১৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনটি করে মনোনয়ন জমা পড়েছে। বরিশাল বিভাগ থেকে জমা পড়েছে দুটি মনোনয়ন।
অন্যদিকে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে বৈধতা পেলে এই তিন বিভাগ থেকেই তিনজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
তবে নির্বাচন কমিশন এখনো প্রার্থীদের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ না করায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ক্যাটাগরি-৩, অর্থাৎ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে একজন মাত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন। বিসিবি সূত্র জানিয়েছে, এই ক্যাটাগরিতে মনোনয়ন জমা দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর মনোনীত কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অন্যদিকে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে মনোনয়ন জমা দিয়েছেন ১৮ জন প্রার্থী। এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবালও।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৩ মে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। একইদিন দুপুরে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
আরও পড়ুন: রামিসা হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ক্রিকেট অঙ্গন
এছাড়া ২৫ মে পোস্টাল ব্যালট ও ই-ব্যালটের আবেদন গ্রহণ করা হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবির বোর্ড রুমে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণাও হবে একইদিনে।
প্রতিবারের মতো এবারও তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








