News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২৩ মে ২০২৬
আপডেট: ০৮:৪৫, ২৩ মে ২০২৬

পদত্যাগ করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

পদত্যাগ করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

সদ্য সাবেক মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) প্রধান তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। 

শুক্রবার (২২ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুলসী গ্যাবার্ডের স্বামী আব্রাহাম উইলিয়ামস সম্প্রতি বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। মূলত স্বামীর চিকিৎসা ও সেবার জন্যই তিনি সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

পদত্যাগপত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্যাবার্ড বলেন, তার ওপর আস্থা রেখে দীর্ঘ দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা বিভাগের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে পারিবারিক কঠিন পরিস্থিতির কারণে তাকে দায়িত্ব ছাড়তে হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, আগামী সপ্তাহ ও মাসগুলোতে তার স্বামীকে চিকিৎসাজনিত নানা শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ সময় তিনি স্বামীর পাশে থেকে পূর্ণ সমর্থন দিতে চান বলেও জানান।

উল্লেখ্য, সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড পরে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক শিবিরে যোগ দেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে জাতীয় গোয়েন্দা বিভাগের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন-তেহরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

গ্যাবার্ডের আকস্মিক পদত্যাগকে দুঃখজনক উল্লেখ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়