ঈদ উপলক্ষে শনিবারও খোলা ব্যাংক
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির কারণে অতিরিক্ত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হয়েছে। একই সঙ্গে আগামীকাল রবিবার হবে ঈদের আগের শেষ কার্যদিবস।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা নিয়মিত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়। সার্কুলার অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
টানা ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে।
এই দুই দিন ব্যাংকগুলোর অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত থাকলেও গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
আরও পড়ুন: ৩৪.৫৩ বিলিয়ন ডলারে পৌঁছাল রিজার্ভ
সার্কুলারে আরও জানানো হয়, দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটিকালেও ঈদের দিন ছাড়া সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ছুটিকালীন সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নিউজবাংলাদেশ.কম/এসবি








