News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২২, ৩০ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে, তাঁর স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।’

তিনি আরও জানান, ‘বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আজ তাঁর মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাখা হবে। আগামীকাল সকালে সেখান থেকে মরদেহ সংসদ ভবনে আনা হবে।’

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়