News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৮, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন সময়সীমা বাড়লো

প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন সময়সীমা বাড়লো

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট নিবন্ধনের সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, প্রাথমিকভাবে নিবন্ধনের শেষ সময় ছিল ২৫ ডিসেম্বর। তবে এটি ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যারা এখনও নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, তারা এই সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে। ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিকাল ৫টার মধ্যে মোট ৬ লাখ ৮০,৯২২ জন ভোটার নিবন্ধন করেছেন। 

লিঙ্গভিত্তিক নিবন্ধনে পুরুষ ভোটার ৬ লাখ ২১,৮০০ জন, নারী ভোটার ৫০,২১০ জন। 

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে কুমিল্লা (৬৪,১৩২ জন), ঢাকা (৫৫,৬৪০ জন), চট্টগ্রাম (৫৪,৭৬৯ জন), নোয়াখালী (৩৬,৫৯০ জন), সিলেট (২৬,৭৪৯ জন) ও চাঁদপুর (২৫,৩১৮ জন)। আসনভিত্তিকভাবে ফেনী-৩ (৯,৬১১ জন), চট্টগ্রাম-১৫ (৮,৯৩০ জন), কুমিল্লা-১০ (৮,৪৩৮ জন) এবং নোয়াখালী-১ (৮,৩৮৪ জন) ভোটার নিবন্ধন করেছেন।

আরও পড়ুন: ডিসি-এসপিদের কঠোর নির্দেশ সিইসির

দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরব (১,৪৯,৯১৬ জন), কাতার (৫৬,১৪৪ জন), ওমান (৪১,৭৩৭ জন), মালয়েশিয়া (৩৯,১০৫ জন), সংযুক্ত আরব আমিরাত (৩০,১০০ জন), যুক্তরাষ্ট্র (২৪,৮৪৯ জন), কুয়েত (২২,১২৩ জন), যুক্তরাজ্য (২০,২০৯ জন) ও সিঙ্গাপুর (১৭,৩৪৬ জন)।

ইসি ইতোমধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১,৬৮,৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পৌঁছেছে। 

ব্যালট প্রেরণের বিবরণ অনুযায়ী গত শুক্রবার অস্ট্রেলিয়া ৮৯২, যুক্তরাজ্য ৫৭৩, মালয়েশিয়া ৬,২৪৬; শনিবার যুক্তরাষ্ট্র ৮,৪৮০, চীন ৬৮১, কুয়েত ১,৩১০, কাতার ২,৭৩৭, সৌদি আরব ৭,৩৪৩, জাপান ৫,৬০০, দক্ষিণ কোরিয়া ৭,৬৮১; রবিবার সংযুক্ত আরব আমিরাত ১,১১৬, যুক্তরাষ্ট্র ৮,৭১৮, কানাডা ৯,৪৪৩, ইতালি ৫,৬৮৬, জার্মানি ২,১২৬, ফ্রান্স ৩,৩২১; সোমবার ও মঙ্গলবার অস্ট্রেলিয়া ৬,৭৭৯, মালয়েশিয়া ১৬,৫৬৮, ওমান ১৮,০০০, কাতার ১১,০০০, কাতার ২১,০০০, ওমান ৩,৬০০, সৌদি আরব ১০,৫০০, কুয়েত ১,০০০, ইতালি ৫,০০০, পর্তুগাল ১,৫০০, ফ্রান্স ১,০০০, জার্মানি ১,০০০।

ইসির তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর, বাছাই ৩০ ডিসেম্বর – ৪ জানুয়ারি, আপিল দায়ের ৫–৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার শেষ ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচারণা ২২ জানুয়ারি – ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত এবং ভোটগ্রহণ ও গণভোট ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, প্রার্থীরা ব্যাংক সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলিকে শনিবার খোলা রাখার জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচনে আচরণবিধি মেনে চলা নিশ্চিত করার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার।

নির্বাচনী ইতিহাসে এই তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ভোট ব্যবস্থা প্রবাসী ভোটারদের দীর্ঘদিনের দাবি পূরণে এবং ভোটদান প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়