News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৫

প্রবাসী ভোটারদের কাছে পৌঁছল সাড়ে ৩ লাখের বেশি ব্যালট

প্রবাসী ভোটারদের কাছে পৌঁছল সাড়ে ৩ লাখের বেশি ব্যালট

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের জন্য গত ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৩ লাখ ৭৬ হাজার ৩০৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি জানান, রবিবারসহ গত নয় দিনে ধাপে ধাপে বিভিন্ন দেশে এসব ব্যালট প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের মিলিয়ে এ সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে। পাশাপাশি প্রবাসী ভোটারের নিবন্ধন সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, গত রবিবার বিশ্বের বিভিন্ন দেশে ৩৭ হাজার ৬১২ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর আগে শনিবার সৌদি আরবে ৪৫ হাজার ৫৫০টি এবং শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে মোট ৫৭ হাজার ৩৬০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়, যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার ব্যালট পাঠানো হয়।

এছাড়া বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়।

আরও পড়ূন: ‘নির্বাচনকে টার্গেট করে দু-চারটি অস্ত্র ঢুকছে, ধরাও হচ্ছে’

ইসি কর্মকর্তারা জানান, সব মিলিয়ে গত ১০ দিনে মোট ৩ লাখ ৭৬ হাজার ৩০৯টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার ৩৯৩ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়