News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৯, ২২ ডিসেম্বর ২০২৫

ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে সুপার ক্যারাভানের যাত্রা শুরু

ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে সুপার ক্যারাভানের যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোটকে সামনে রেখে সারাদেশে প্রচারণার জন্য যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি, যা ‘সুপার ক্যারাভান’ নামে পরিচিত। 

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয় এই গাড়িগুলোর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানটি ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার কারও দয়া নয়-এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি, আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

আরও পড়ুন: নির্বাচনের আগে আইনশৃঙ্খলা আরও উন্নত হবে: সিইসি

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়- এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী বহর। এটি জানিয়ে দেবে, আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটি মনে করিয়ে দেবে, নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।

তিনি বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আহ্বান জানান, আপনারা এগিয়ে আসুন। প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ-নতুন বাংলাদেশ।

প্রফেসর ইউনূস বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা- থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক। এই দেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে, তা আপনি ঠিক করে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। চিন্তা ভাবনা করে সৎ ও সমর্থ প্রার্থী বেছে ভোট দিন।

তিনি বিশেষভাবে জুলাই সনদ বিষয়ে জানান, দীর্ঘ ৯ মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। দেশের মানুষ যদি এই সনদ পছন্দ করেন, তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিন। এটি দেশের ভবিষ্যৎ নিরাপদভাবে নির্ধারণ করবে।

প্রফেসর ইউনূস শেষ করেন, চলুন, আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন, ভোট দিই- নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য।

সুপার ক্যারাভান যাত্রা শুরু হওয়ায় দেশের ৬৪ জেলা ও ৩০০টি উপজেলায় ভোট ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়