নির্বাচনের আগে আইনশৃঙ্খলা আরও উন্নত হবে: সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আশা প্রকাশ করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় ও সংশয়ও তত কমে যাবে বলে তিনি জানান।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা করেছি। এছাড়া ভোটের কাজে নিয়োজিতদের এবং কয়েদিদেরও ভোটের ব্যবস্থা করা হয়েছে। ৫৪ বছরে প্রথমবার প্রবাসীদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে এবং এর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই ভোট চায়। সবাই দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত ঘনিয়ে আসবে ভয় তত কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
তিনি আরও জানান, পোস্টাল ব্যালট মডেল আন্তর্জাতিক মানে উদাহরণ হবে। কিছু ভুল-ত্রুটি থাকলেও প্রথমবারের অভিজ্ঞতায় তারা সন্তুষ্ট। পোস্টাল ব্যালটের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী।
আরও পড়ুন: বাংলাদেশ বীরদের দেশ: প্রেস সচিব
সিইসি আশা প্রকাশ করেন, ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এ অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








