News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৭, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:২১, ২২ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো-ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে গানম্যান

প্রথম আলো-ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে গানম্যান

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকারি উদ্যোগে গানম্যান দেওয়া হয়েছে। এতে রয়েছেন দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান সম্পাদকরা।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৮তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই তালিকায় প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ এনসিপির ৬ নেতাও রয়েছেন।

উপদেষ্টা জানান, ডিজিএফআই, এনএসআই ও এসবি গোয়েন্দা সংস্থাগুলো ঝুঁকিতে থাকা ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে। তালিকাভুক্তদের মধ্যে অনেককে গানম্যান দেওয়া হয়েছে, তবে অনেকে নিজ ইচ্ছায় গানম্যান নিতে চাননি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে। এছাড়া হাদির হত্যাকাণ্ডে যুক্ত সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে শনাক্ত ও আইনের আওতায় আনা জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদির হত্যার সঙ্গে জড়িতদের বিচারের বিষয় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য আমরা বদ্ধপরিকর।

গ্রেফতারদের মধ্যে হত্যার মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী, মা, বাবা, শ্যালকসহ একাধিক সহযোগী রয়েছে। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান নিযুক্ত করা হয়েছে এবং তাদের বাসা ও অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রশিক্ষণ ইতোমধ্যেই তিন ভাগের দুই ভাগ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭, শনাক্ত ৩১

এছাড়া বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার, নিরাপত্তা প্রটোকল বিষয়ক প্রশিক্ষণ এবং ডেভিল হান্ট ফেইজ-২ অপারেশনের আওতায় দেশের বিভিন্ন স্থানে ২০০০টি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন, এবং এই উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা ঝুঁকিতে থাকা তালিকায় উল্লেখযোগ্যরা হলেন, 

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
  • গণঅধিকার পরিষদ: সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
  • অন্যান্য রাজনৈতিক ও সংসদ-সদস্য প্রার্থী ও নেতা: জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ঝুঁকি বেশি, তাদের জন্য ইতোমধ্যে একজন করে গানম্যান দেওয়া হয়েছে। যাদের প্রয়োজন নেই, তারা গানম্যান নিতে চাননি।

হাদির হত্যার পর ডাকসু, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছে। 

এক সাংবাদিক জানতে চাইলে, তিনি জানান, পদত্যাগ করলে আমি এখানে বসতাম না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়