News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

নাহিদের রিট খারিজ, ঢাকা-১১ আসনে কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

নাহিদের রিট খারিজ, ঢাকা-১১ আসনে কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুম। ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করেন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ড. কাইয়ুমের আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রিটটি দায়ের করেন। রিটে ড. কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়।

রিট খারিজের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, আমরা আপিল বিভাগে যাবো। দ্বৈত নাগরিকত্ব থাকা কারও নির্বাচন করার বৈধতা থাকতে পারে না।

এদিকে ড. এমএ কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং সেখানে সম্পত্তি থাকার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

গত ১৯ জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে ড. কাইয়ুম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে তিনি ভানুয়াতুর নাগরিক এবং সেখানে তাঁর বাড়ি বা বিনিয়োগ রয়েছে। এসব তথ্য মিথ্যাচারে পরিপূর্ণ। আমি কখনো ভানুয়াতুতে যাইনি এবং অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার কোনো ইচ্ছাও আমার কখনো ছিল না, বলেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়