News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৫

অবসরের ৩ বছরের আগে নির্বাচন করতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

অবসরের ৩ বছরের আগে নির্বাচন করতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অবসর নেয়ার পর তিন বছর পার না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এই বিধানকে হাইকোর্ট বৈধ ঘোষণা করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের নেতৃত্বে এ গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন। 

আদালতের এই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সামরিক বা বেসামরিক সরকারি কর্মকর্তা অবসরের সঙ্গে সঙ্গে নির্বাচনী মাঠে নামতে পারবেন না; তাকে অবশ্যই আইন অনুযায়ী তিন বছরের অপেক্ষমাণ সময় (কুলিং অফ পিরিয়ড) পূর্ণ করতে হবে।

এই রায়ের আগে চারটি পৃথক রিট আবেদন করা হয়েছিল, যেখানে রিটকারীরা যুক্তি দিয়েছিলেন যে, নির্বাচনে অংশ নেওয়া একটি মৌলিক সাংবিধানিক অধিকার। এছাড়া, তিন বছরের এই নিষেধাজ্ঞা সংবিধানের ২৭ অনুচ্ছেদে উল্লেখিত সমঅধিকারের মূলনীতির পরিপন্থী। তবে আদালত সব যুক্তি বিবেচনা করার পর রিটগুলো খারিজ করে দেন এবং সংশ্লিষ্ট ধারা বৈধ ঘোষণা করেন।

আরও পড়ুন: ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

আদালতের রায়ে বলা হয়েছে, এই ‘কুলিং অফ’ বিধান দেশের প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এই রায় নির্বাচনি সমীকরণে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, মামলার শুনানি শেষ হয়েছিল গত ২৯ নভেম্বর। আদালত তখন রায় ঘোষণার জন্য দিন ধার্য রেখেছিলেন। চারটি রিট আবেদনের মাধ্যমে আবেদনকারীরা চ্যালেঞ্জ করেছিল যে, সরকারি কর্মচারীরা অবসর নেয়ার পরই নির্বাচনে অংশ নিতে পারবে না এমন বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আদালতের আজকের রায় স্পষ্টভাবে নির্দেশ করে যে, সরকারি কর্মকর্তাদের জন্য এই তিন বছরের অপেক্ষার বাধ্যবাধকতা অপরিবর্তিত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়