২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল
ফাইল ছবি
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি আগামী শনিবার (২৭ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন মো. আসাদুজ্জামান। এর আগে, ২১ ডিসেম্বর তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
পরে গত ২৩ ডিসেম্বর শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী, প্রজ্ঞাপন জারি
মো. আসাদুজ্জামান গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি এর আগে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।
ঐতিহাসিক প্রেক্ষাপটে, ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে অধ্যক্ষ মো. কামরুজ্জামান (আওয়ামী লীগ), ১৯৯১ সালে আব্দুল ওহাব (বিএনপি), ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির এবং ২ জুনের নির্বাচনে আব্দুল ওহাব (বিএনপি) নির্বাচিত হন। এরপর ২০০১ সাল থেকে আসনটি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের দখলে ছিল।
নিউজবাংলাদেশ.কম/পলি








