News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৪, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০১, ১৮ জানুয়ারি ২০২০

মুম্বাই হামলা পরিকল্পনাকারী লাখভির জামিন

মুম্বাই হামলা পরিকল্পনাকারী লাখভির জামিন

মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানের নাগরিক জাকিউর রহমান লাখভিকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে লাখভিকে আজ শুক্রবার সকালে মুক্তি দেওয়া হয়।

লাখভির মুক্তির খবর নিশ্চিত করলেও তিনি বর্তমানে  কোথায় আছেন তা বলতে চাননি পাকিস্তান কর্তৃপক্ষ। লাহোর হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। বিবিসি।

হাইকোর্ট লাখভির জামিন আদেশে বলেন, তাকে আটকে রাখার পক্ষে যুক্তি প্রমাণ তুলে ধরতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।

এদিকে, লাখভির মুক্তিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ‘দুর্ভাগ্যজনক ও হতাশাজনক’ বলে মন্তব্য করেন।

তবে, খুশি হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি)।  এলইটি এর মুখপাত্র বলেন, লাখভি এখন মুক্ত। তিনি নিরাপদ স্থানে রয়েছেন।

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত টানা চার দিনের হামলায় ১৬৬ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৩০৮ জন। পাকিস্তান থেকে জলপথে ভারতে অনুপ্রবেশ করা কয়েকজন বন্দুকধারী এ হামলা চালায়। হামলার ষড়যন্ত্র ও সহায়তা করার জন্য অভিযুক্ত সাতজনের মধ্যে এলইটির সামরিক শাখার প্রধান লাখভি ছিলেন অন্যতম।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়