মেক্সিকোয় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩
ছবি: সংগৃহীত
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় ২৫০ জন যাত্রী বহনকারী একটি ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৮ জন।
সোমবার (২৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রবিইবার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর নৌবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদ আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এতে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। রেলওয়ে ও রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচন
উল্লেখ্য, প্রশান্ত ও আটলান্টিক -এই দুই মহাসাগরের অববাহিকায় অবস্থিত মেক্সিকো। মহাসাগর-সংলগ্ন বিভিন্ন শহর ও বন্দরকে সংযুক্ত করার লক্ষ্যে ১৯৯৯ সালে দেশটিতে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ পরিষেবা চালু করা হয়। এই বিশেষ রেল পরিষেবার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে মেক্সিকোর নৌবাহিনী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








