News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৯, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২০

ইরাকি নাগরিক হত্যার দায়ে ৪ মার্কিন নিরাপত্তা কর্মীর জেল

ইরাকি নাগরিক হত্যার দায়ে ৪ মার্কিন নিরাপত্তা কর্মীর জেল

ইরাকি বেসামরিক নাগরিক হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক মার্কিন নিরাপত্তা কর্মীর যাবজ্জীবন ও তিনজনকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির আদালত কারাদণ্ডের আদেশ দিয়ে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা সবাই সাবেক মার্কিন সেনা যারা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ব্লাকওয়াটারের কর্মী হিসেবে কাজ করছিলেন।

বাগদাদের নিসুর স্কয়ারে ২০০৭ সালে মার্কিন কর্মকর্তাদের একটি গাড়ি বহরের যাওয়ার পথ তৈরি করতে গিয়ে তারা বেসামরিক নাগরিকদের উপর গুলি ছুঁড়লে  ১৪ জন ইরাকি বেসামরিক নাগরিক নিহত ও ১৭ জন আহত হন। ওই ঘটনায় পর যুদ্ধের সময় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ব্যবহার করা নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা উঠেছিল।

বিচ্ছিন্নতাবাদীদের হামলার মুখে দণ্ডপ্রাপ্তরা গুলি ছুঁড়তে বাধ্য হয়েছিলেন বলে তাদের আইনজীবী দাবি করলেও, আদালতে তা প্রমাণ করতে পারেন নি।

এই মামলায় আদালতে সাক্ষ্য দিতে ইরাক থেকে বেশ কজন প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

আদালতে শুনানি চলাকালে ওই ঘটনার ভিডিও ফুটেজে মার্কিন নিরাপত্তা কর্মীদের হামলায় নিহত এবং আহতদের পাশাপাশি গুলিতে ক্ষতবিক্ষত গাড়ি ও তাদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণের ছবি দেখানো হয়।

এ ঘটনায় নিহত নয় বছরের আলীর ছবি দেখিয়ে তার পিতা মোহাম্মাদ কিনানি আল-রাজ্জাক আদালতে প্রশ্ন রেখে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে এই অপরাধীদের তফাৎ কি?  

অভিযুক্তদের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি জামিনের আবেদন করলেও দিনব্যাপী শুনানির পর জেলা আদালতের বিচারক তা খারিজ করে দিয়ে রায় দেন। বিচারক বলেন, অভিযুক্তদের অপরাধের তুলনায় শাস্তি কমই দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়